সার্বিয়ান বাস্কেটবল জায়ান্ট পার্টিজান মজার্ট বেট বেলগ্রেড নতুন মৌসুমকে সামনে রেখে বড় ধরনের পরিবর্তনের পথে। গত মৌসুমে এ.বি.এ. লিগ এবং সার্বিয়ান সুপার লিগ,দুই শিরোপাই ঘরে তোলার পর, এবার দলটির মূল লক্ষ্য ইউরোপীয় মঞ্চে আরও দূর এগিয়ে যাওয়া।
ক্লাব সভাপতি অস্তোজা মিয়াইলোভিচ জানিয়েছেন, আসন্ন মৌসুমে দলটির বাজেট প্রায় ৩৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যেই তিনজন নতুন খেলোয়াড় দলে যুক্ত হয়েছেন এবং আরও এক-দুইজন আসার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, বর্তমান স্কোয়াডের দুই-তিনজনকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা ভবিষ্যৎ পরিকল্পনায় নেই।
পার্টিজান সম্প্রতি তিন বছরের ইউরোলিগ লাইসেন্স নিশ্চিত করেছে, যা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্রভেনা জভেজদার সমান। তবে মিয়াইলোভিচের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো মর্যাদাপূর্ণ ১০ বছরের ইউরোলিগ লাইসেন্স অর্জন, যাতে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর তালিকায় স্থায়ী আসন মজবুত হয়।
তিনি বলেন, “আমাদের লক্ষ্য প্লে-অফ এবং ফাইনাল ফোর। বাজেট গুরুত্বপূর্ণ হলেও একা টাকা জেতাতে পারে না, তবে সাফল্যের জন্য সঠিক পরিবেশ তৈরি করে।”
তবে এই গ্রীষ্মের ট্রান্সফার বাজার আগের তুলনায় বেশি প্রতিযোগিতাপূর্ণ হয়েছে। তিনটি নতুন দল ইউরোলিগে যোগ দেওয়ায় শীর্ষ খেলোয়াড়দের চাহিদা বেড়েছে। পাশাপাশি, এনবিএ ও মার্কিন কলেজে খেলোয়াড়দের যাত্রা এবং জানুয়ারিতে অ্যারেনার বাইরে ম্যাচ খেলার অতিরিক্ত খরচ দল গঠনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
এদিকে, পার্টিজান দ্রুতই নতুন মৌসুমের সিজন টিকিট বিক্রি শুরু করবে। গত মৌসুমের টিকিটধারীরা অগ্রাধিকার পাবেন, যা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শনের অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে।
মিয়াইলোভিচ মনে করেন, এবারের এ.বি.এ. লিগ আগের যেকোনো মৌসুমের তুলনায় বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং নতুন ফরম্যাট সমর্থকদের জন্য অতিরিক্ত রোমাঞ্চ নিয়ে আসবে।